রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষে সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানের নিজস্ব বাসভবন ‘গ্রিন ভিলা’য় ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রোববার (২৬ জুলাই) বিকেল ৩টার দিকে তিনি গুলশানের ১২৩ নম্বর সড়কের নিজ বাড়িতে পৌঁছান।
এর আগে দুপুর ২টা ২৫ মিনিটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মো. সাহাবুদ্দিন বঙ্গভবন থেকে গুলশানের উদ্দেশে রওনা হন।
গত শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হলেও তিনি দায়িত্ব পালন করেন প্রায় তিন বছর তিন মাস।
বঙ্গভবন ছাড়ার মাধ্যমে রাষ্ট্রপতির সরকারি বাসভবনে তার অবস্থানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার পদত্যাগের পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়।



