কারাগারে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং মামলাসংক্রান্ত বিষয়ে আইনজীবীদের সঙ্গে বিশেষ সাক্ষাতের অনুমতি চেয়েছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
জুলাই আন্দোলনকে কেন্দ্র করে মোহাম্মদপুর থানার ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলার অভিযোগ গঠন শুনানির সময় আদালতের অনুমতি নিয়ে এসব আবেদন জানান তিনি।
আদালতে পলক নিজেকে অসুস্থ দাবি করে জানান, তার ঘাড়ে গুরুতর আঘাত রয়েছে। এমআরআই রিপোর্টে ঘাড়ের দুটি হাড় স্থানচ্যুত হওয়ার বিষয়টি ধরা পড়েছে বলেও উল্লেখ করেন তিনি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মাথায় হেলমেট ব্যবহার করতে পারছেন না বলেও আদালতকে জানান।
পলক আরও জানান, বর্তমানে তার বিরুদ্ধে ৯৮টি মামলা রয়েছে এবং এসব মামলায় তিনি ৮৯ দিন রিমান্ডে ছিলেন। এর মধ্যে তিনটি মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আদালতের কাছে কারাগারে পরিবারের সদস্যদের সঙ্গে অন্তত আধা ঘণ্টা সাক্ষাতের সুযোগ এবং মামলার প্রস্তুতির জন্য আইনজীবীদের সঙ্গে নিয়মিত বিশেষ সাক্ষাতের অনুমতি চান। আইনজীবীদের সঙ্গে প্রতি দুই সপ্তাহে দুই দিন, প্রতিদিন তিন ঘণ্টা করে সাক্ষাতের আবেদন জানান তিনি।
তবে এ বিষয়ে আদালত তাৎক্ষণিক কোনো আদেশ দেননি।
পলকের আইনজীবী তরিকুল ইসলাম জানান, কারাবিধি অনুযায়ী বন্দিরা নির্ধারিত সময়ে পরিবারের সঙ্গে সাক্ষাতের সুযোগ পান। তবে মামলার প্রস্তুতি ও আইনি পরামর্শের জন্য আইনজীবীদের সঙ্গে অতিরিক্ত সাক্ষাতের অনুমতি চাওয়া হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে ট্রাকচালক মো. হোসেন নিহত হন। এ ঘটনায় নিহতের মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।
পরবর্তীতে তদন্ত শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।



