ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় অফিসে বসে এক সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এক উপসহকারী ভূমি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে জেলা প্রশাসন এ ব্যবস্থা নেয়।
রোববার (২৬ জুলাই) বিকেলে ফেসবুকে ছড়িয়ে পড়া দুই মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, বোয়ালমারী উপজেলার সাতৈর (খ) ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখ তার কক্ষে বসে এক ব্যক্তির কাছ থেকে টাকা গুনে নিচ্ছেন। এ সময় তিনি ওই ব্যক্তির নাম-পরিচয়ও নোট করে রাখেন। তবে ভিডিওতে ওই ব্যক্তির পরিচয় স্পষ্ট নয়।
ভিডিওতে ইমরান শেখকে বলতে শোনা যায়, ‘আজকে রাতে আবেদন হয়ে যাবে, সামনে রোববার জমা হয়ে যাবে। স্যার যত তাড়াতাড়ি শুনানি দেবেন, ইনশাআল্লাহ দুই সপ্তাহের মধ্যে হয়ে যাবে।’ এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রসঙ্গে তিনি বলেন, ‘উনিও চল্লিশতম বিসিএস, আমিও চল্লিশতম বিসিএস। উনার কপাল ভালো, উনি ক্যাডার হয়েছেন, আর আমি নন-ক্যাডার হয়েছি।’
ভিডিও ভাইরাল হওয়ার পর অভিযোগ অস্বীকার করে ইমরান শেখ দাবি করেন, এটি ঘুষের টাকা নয়; বরং তার দেওয়া ধার করা টাকা ফেরত নেওয়ার সময়ের ভিডিও। তবে তিনি টাকা ফেরত দেওয়া ব্যক্তির পরিচয় প্রকাশ করতে রাজি হননি।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান জানান, এর আগেও দায়িত্বে অবহেলার অভিযোগে ইমরান শেখকে শোকজ করা হয়েছিল। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছিল।
পরে রাতেই ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে ইমরান শেখকে সাময়িক বরখাস্ত করা হয়। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ), ৩(ঘ) ও ১২(১) ধারা অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ২৬ জুলাই থেকে এ আদেশ কার্যকর করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি কেবল খোরপোশ ভাতা পাবেন।



