হবিগঞ্জে এনসিপির পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও হবিগঞ্জের মিরপুর এলাকায় পুলিশের বাধার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। বুধবার (২৯ জুলাই) বিকেলে শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় প্রথমে গাড়িবহর আটকে দেওয়া হয়। পরে বাধা উপেক্ষা করে এগোলেও হবিগঞ্জের মিরপুর এলাকায় আবারও পুলিশ ব্যারিকেড দিলে নেতাকর্মীরা সড়কে অবস্থান নেন।
এ সময় এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, হবিগঞ্জে তাদের পূর্বঘোষিত কর্মসূচি রয়েছে এবং তারা শুধু মামলা দায়ের, আহতদের খোঁজ নেওয়া ও ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেই ফিরে আসতে চান।
তিনি বলেন, স্থানীয় প্রশাসন হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করায় সমাবেশের কোনো পরিকল্পনা নেই। প্রয়োজনে সীমিত সংখ্যক নেতাকর্মী নিয়ে যাওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। তবুও পুলিশ তাদের অগ্রযাত্রায় বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, তারা কোনো ধরনের অশান্তি চান না এবং পুলিশের সহযোগিতা কামনা করেন। তার ভাষায়, “আমরা হবিগঞ্জে গিয়ে মামলা করব, আহতদের দেখব, তারপর ফিরে আসব।”
উল্লেখ্য, মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে এনসিপির পদযাত্রা শেষে ফেরার পথে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। এতে সাংবাদিকসহ কয়েকজন নেতাকর্মী আহত হন। ঘটনার প্রতিবাদে বুধবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে এনসিপি।
এদিকে, বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত, মিছিল, সমাবেশ ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।



