নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী পুলিশের ওপর হামলার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন। গত বছর তাকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় মঙ্গলবার (২৮ জুলাই) আদালতে উপস্থিত হন তিনি।
বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজিরা দেন সেলিনা হায়াৎ আইভী। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন।
হাজিরা শেষে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের আইভী বলেন, “নির্দোষ হয়েও আমি অপরাধী। সারাজীবন অন্যায়ের প্রতিবাদ করেছি, হত্যা, অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে কথা বলেছি। আজ আমিই অপরাধী।”
তিনি আরও বলেন, এ বিষয়ে বিচারের ভার আল্লাহর ওপর এবং নারায়ণগঞ্জবাসী বিষয়টি দেখবেন। এরপর তিনি নিজ বাসা দেওভোগের উদ্দেশ্যে রওনা হন।
আইভীর আদালতে আগমনকে কেন্দ্র করে প্রাঙ্গণে নেতা-কর্মীদের উপস্থিতি দেখা যায়। কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আদালতের সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
আইভীর আইনজীবী আওলাদ হোসেন জানান, গ্রেপ্তারের দিন আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িবহরে হামলার অভিযোগে সদর মডেল থানা পুলিশ একটি মামলা করে। ওই মামলার অভিযোগপত্র গ্রহণের তারিখ ছিল মঙ্গলবার। আইভী জামিনে থাকলেও আদালতের নিয়ম অনুযায়ী হাজিরা দিয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ৯ মে হত্যা মামলায় নারায়ণগঞ্জের নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ১২টি হত্যা ও হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে ৩৯১ দিন থাকার পর গত ৪ জুন তিনি জামিনে মুক্তি পান।



