রংপুরের কাউনিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি আজমাইন আব্দুল্লাহ উৎসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) তাকে ধর্ষণ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে। প্রায় দুই মাস পলাতক থাকার পর র্যাব-১ এর সহায়তায় ঢাকার বিমানবন্দর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আজমাইন আব্দুল্লাহ উৎস কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার বাসিন্দা। অভিযোগ অনুযায়ী, তিনি নিজের বিয়ের তথ্য গোপন করে এক কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে প্রতারণার মাধ্যমে নির্যাতন করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই রুহুল আমীন জানান, অভিযুক্ত ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগের মাধ্যমে ওই তরুণীর সঙ্গে সম্পর্ক তৈরি করেন। পরে বিয়ের কথা বলে তাকে রংপুরে নিয়ে গিয়ে প্রতারণার মাধ্যমে শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরবর্তীতে বিয়ের কাগজপত্র চাইলে অভিযুক্ত ব্যক্তি নানা অজুহাত দেখান। একপর্যায়ে ওই তরুণী জানতে পারেন আজমাইন আগে থেকেই বিবাহিত। এরপর তিনি আদালতে মামলা দায়ের করেন।
হারাগাছ থানার পুলিশ জানায়, আদালতের নির্দেশে ১২ মে আজমাইন আব্দুল্লাহ উৎসের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়। মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিনের অভিযানের পর তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।



