দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় রাতভর ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো অঞ্চল। হামলায় বেশ কয়েকটি এলাকায় ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিস্ফোরণের কম্পন দূরবর্তী এলাকাতেও অনুভূত হয়েছে বলে জানিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা (এনএনএ)।
প্রতিবেদন অনুযায়ী, ইয়োহমোর আল-শকিফ, আরনুন ও কফর তেবনিত এলাকায় মধ্যরাতের পর ইসরাইলের হামলায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের কম্পন এল-খাররুব ও খালদে এলাকাতেও অনুভূত হয়।
এছাড়া মারজাইউন জেলার ঐতিহাসিক বিউফোর্ট দুর্গ সংলগ্ন এলাকায়ও তীব্র বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাশের কুলাইয়া শহরের বহু বাড়ির জানালার কাচ ভেঙে যায় এবং কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বিস্ফোরণের তীব্রতায় পুরো এলাকা কেঁপে ওঠে। একই সঙ্গে বাতাসে বারুদের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে, যা আতঙ্ক আরও বাড়িয়ে তোলে।
লেবাননের জাতীয় বার্তা সংস্থা জানায়, টাইর জেলার আল-মানসুরি ও বেইউত আল-সাইয়্যাদ এলাকার উপকণ্ঠে ইসরাইলি বাহিনী ভারী মেশিনগান দিয়ে গুলি চালায়। একই সঙ্গে আল-মানসুরি এলাকায় কামানের গোলাও নিক্ষেপ করা হয়।
এদিকে বিনতে জুবেইল জেলার বারাআশিত পাহাড় থেকে আইনাতা এলাকার দিকে ইসরাইলি ট্যাংকের চলাচল লক্ষ্য করা গেছে। একই সময়ে দক্ষিণ লেবাননের পূর্ব ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় ভারী বিস্ফোরণ ও কম্পন অনুভূত হয়েছে বলে এনএনএর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সাম্প্রতিক এই হামলাকে ঘিরে সীমান্ত পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি।



