কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী ক্যাম্পেইন ও সচেতনতামূলক কর্মসূচিতে হামলার ঘটনায় একজন আহত হয়েছেন। অভিযোগ উঠেছে, স্থানীয় এক মাদক কারবারি ও তার পরিবারের সদস্যরা এ হামলা চালিয়েছে। ঘটনার পর ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের সরকারপাড়া মাদরাসা মোড়ে এলাকাবাসী ও সুধীসমাজের উদ্যোগে মাদকবিরোধী ক্যাম্পেইনের আয়োজন করা হয়। তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামানের নেতৃত্বে শতাধিক মানুষ মাদকসেবন ও মাদক ব্যবসার ক্ষতিকর দিক তুলে ধরে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।
অভিযোগ অনুযায়ী, কর্মসূচি চলাকালে স্থানীয় চিহ্নিত মাদক কারবারি নাছির উদ্দিন (৫২) এবং তার তিন ছেলে রমজান আলী (৩২), হযরত আলী (২৮) ও কফিল উদ্দিন (২০) লাঠিসোঁটা নিয়ে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালায়। এতে ক্যাম্পেইনের কর্মী গোলজার হোসেন (৪৭) গুরুতর আহত হন।
আহত গোলজার হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন।
ঘটনার পর শুক্রবার রাতেই আহত ব্যক্তি অভিযুক্ত চারজনের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
প্রত্যক্ষদর্শীরা দাবি করেন, অভিযুক্ত পরিবার দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, মাদকবিরোধী ক্যাম্পেইন শেষে ফেরার পথে তার সামনেই হামলার ঘটনা ঘটে। তিনি ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



