নরসিংদীর মনোহরদীতে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে লাঠির আঘাতে মিজান মিয়া (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার বড়চাপা পূর্বপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত মিজান মিয়া বড়চাপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বড়চাপা পূর্বপাড়ার সফুর উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় স্বেচ্ছাসেবক দলের ৪ নম্বর ওয়ার্ড সহসভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের রাস্তা ও জমির সীমানা নিয়ে মিজানের সঙ্গে তার চাচা শহীদুল্লাহর বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিস হলেও বিরোধের সমাধান হয়নি।
শনিবার দুপুরে রাস্তার পাশে থাকা একটি নারিকেল গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শহীদুল্লাহর ছেলে জীবন মিয়া লাঠি দিয়ে মিজানের মাথায় আঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গুরুতর আহত অবস্থায় মিজান মিয়াকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. খন্দকার আনিসুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



