রাজধানীর পল্লবী-মিরপুরের অপরাধজগতে আবারও আলোচনায় এসেছেন মো. রুবেল ওরফে ‘ল্যাংড়া রুবেল’। অটোরিকশাচালক রাকিবুল হাসান সানি ওরফে ‘পেপার সানি’ হত্যা মামলার ১ নম্বর আসামি তিনি।
সানি হত্যাকাণ্ডের পর এবার প্রকাশ্যে চা-স্টলে বসে থাকা মাছ ব্যবসায়ী ও বিএনপি নেতা আলমগীর হোসেনকে গুলি করার মামলায়ও রুবেলের নাম এসেছে। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, হত্যার উদ্দেশ্যে আলমগীরের মাথা, পেট ও পিঠ লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়। একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ৬৩ বছর বয়সী এক পথচারী নারী আহত হন।
গত শুক্রবার (৭ আগস্ট) বিকেল পৌনে ছয়টার দিকে পল্লবী থানাধীন সেকশন-১১-এর বি ব্লকের ২ নম্বর সড়কের ২৬ নম্বর বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশে ইমনের চা-স্টলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পল্লবী থানায় মামলা করা হয়েছে।
গুলিবিদ্ধ মাছ ব্যবসায়ী আলমগীর হোসেনের স্ত্রী রিনা আক্তার বাদী হয়ে শনিবার মামলাটি করেন।
মামলার অভিযোগে বলা হয়, পূর্বশত্রুতার জেরে রুবেল, পাপ্পুসহ কয়েকজন একটি প্রাইভেটকারে করে ঘটনাস্থলে আসেন। কিছু বুঝে ওঠার আগেই রুবেল পিস্তল দিয়ে আলমগীরের মাথা লক্ষ্য করে গুলি চালান।
এজাহারের ভাষ্য অনুযায়ী, গুলিটি আলমগীরের মাথার ডান পাশ ভেদ করে বেরিয়ে যায়। গুলির আঘাতে তিনি মাটিতে পড়ে গেলে তাঁর পেট ও পিঠ লক্ষ্য করে আরও দুই রাউন্ড গুলি চালানো হয়। এরপর পাপ্পুসহ অন্যরাও গুলি চালাতে থাকেন। এ সময় একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পথচারী জোসনার (৬৩) পায়ে লাগে। আশপাশের লোকজনকে প্রাণনাশের হুমকি দিয়ে হামলাকারীরা প্রাইভেটকারে করে পালিয়ে যান বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
গুলিবিদ্ধ আলমগীরকে স্থানীয় লোকজনের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এজাহারে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে উল্লেখ করা হয়েছে। আহত জোসনাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মামলায় রুবেল ওরফে ল্যাংড়া রুবেল (৩৭) এবং পাপ্পু ওরফে শাকিল আহমেদ ওরফে শাকির আহমেদ ওরফে পাপ্পুকে (৪১) নামীয় আসামি করা হয়েছে। তাঁদের সঙ্গে অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়। দণ্ডবিধির ১৪৩, ১৪৮, ১৪৯, ৩২৪, ৩২৬, ৩০৭, ৫০৬ ও ৩৪ ধারায় মামলাটি করা হয়েছে। পল্লবী থানায় মামলাটির নম্বর ২৩।
পুলিশের নথি অনুযায়ী, রাত ১২টা ৫ মিনিটে বাদীর কম্পিউটারে টাইপ করা এজাহার থানায় পৌঁছানোর পর মামলাটি রুজু করা হয়। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলামকে।
‘পেপার সানি’ হত্যা মামলার প্রধান আসামি
চা-স্টলে গুলির ঘটনায় রুবেলের নাম আসার পর তাঁর বিরুদ্ধে থাকা পুরোনো গুরুতর অভিযোগগুলোও নতুন করে সামনে এসেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত অটোরিকশাচালক রাকিবুল হাসান সানি ওরফে ‘পেপার সানি’ হত্যাকাণ্ড।
২০২৫ সালের জুনে পল্লবীর মোড়াপাড়া ক্যাম্প ও এর সংলগ্ন এলাকায় ওই হত্যাকাণ্ড ঘটে। নিহত সানির মা রোজিনা বেগম বাদী হয়ে ওই বছরের ১০ জুন পল্লবী থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় এম এম রুবেল ওরফে ল্যাংড়া রুবেলকে ১ নম্বর আসামি করা হয়। বোমা কাল্লু, স্বপন, জিন্দা ও টান নামে আরও কয়েকজনকে আসামি করা হয়েছিল।
ওই মামলার এজাহারে অভিযোগ করা হয়, আড্ডা দেওয়ার কথা বলে সানিকে ডেকে নেওয়ার পর হাতকড়া পরিয়ে তাঁর দুই হাত আটকানো হয়। পরে মুখ ও শরীর গামছা দিয়ে বাঁধা অবস্থায় তাঁকে গলা কেটে হত্যা করা হয়।
‘পেপার সানি’ হত্যা মামলার প্রধান আসামি হওয়ার পরও রুবেলের নাম আবার প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় আসায় পল্লবী-মিরপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয় ব্যবসায়ী আলম মোল্লা অভিযোগ করেন, মিরপুর-১১, কালশী, মোড়াপাড়া ক্যাম্প ও মিল্লাত ক্যাম্প এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, অস্ত্রের ব্যবহার এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিক পক্ষ সক্রিয়। এর মধ্যে রুবেল ও তাঁর সহযোগীদের একটি প্রভাবশালী নেটওয়ার্ক রয়েছে।
আলম মোল্লা বলেন, এক বছর আগে রুবেলের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছিল। পুলিশ তখন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলে শুক্রবার আলমগীরকে গুলি করার ঘটনা ঘটত না।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান বাসির বলেন, প্রাথমিক তদন্ত ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যের ভিত্তিতে রুবেলের সম্পৃক্ততার বিষয়টি সামনে এসেছে। মাদক ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছেন তিনি।
তদন্তে যেসব প্রশ্ন
শুক্রবার গুলির ঘটনার পরপরই পল্লবী থানার পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ তদন্ত শুরু করে।
ডিবির এক কর্মকর্তা শনিবার সন্ধ্যায় বলেন, এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে গুলির ঘটনা ঘটেছে কি না, তদন্তে তা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া আরও কিছু বিষয় ও প্রশ্ন সামনে রেখে তদন্ত চলছে।
কী কী প্রশ্ন সামনে রেখে তদন্ত করা হচ্ছে, জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘তদন্তে একাধিক প্রশ্ন সামনে এসেছে। প্রথমত, চা-স্টলের মতো জনবহুল স্থানে অস্ত্রধারীরা কীভাবে কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে গেল? ব্যবহৃত প্রাইভেটকারটি কার? অস্ত্রগুলো কোথা থেকে এল? হামলার প্রকৃত কারণ কী? এজাহারে নাম থাকা ব্যক্তিদের সঙ্গে ঘটনার সরাসরি সম্পৃক্ততার প্রমাণ কী? আর সবচেয়ে বড় প্রশ্ন—“পেপার সানি” হত্যার মতো গুরুতর মামলায় নাম আসার পরও যদি একই ব্যক্তির বিরুদ্ধে আবার প্রকাশ্যে অস্ত্র ব্যবহারের অভিযোগ ওঠে, তাহলে তিনি এত দিন কীভাবে এলাকায় সক্রিয় ছিলেন?’
এসব প্রশ্নের উত্তর পাওয়া গেলে রুবেলের কথিত আধিপত্য ও প্রকাশ্যে গুলি চালানোর রহস্য উদ্ঘাটনের পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে ওই পুলিশ কর্মকর্তা মনে করেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করলেই হবে না। মাদক ব্যবসা, অবৈধ অস্ত্র, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অর্থনৈতিক উৎসও খুঁজে বের করতে হবে। একই সঙ্গে রুবেলসহ যাঁদের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে, তাঁদের বিরুদ্ধে করা মামলাগুলোর বর্তমান অবস্থা এবং গ্রেপ্তার, জামিন ও তদন্তের অগ্রগতি খতিয়ে দেখা জরুরি।



