অল ক্রাইমস.টিভি ডেস্ক
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রায় আজ রোববার (৮ মার্চ) ১৮ মার্চের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। যাত্রীরা অনলাইনে এই টিকিট সংগ্রহ করতে পারবেন।
সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে বাংলাদেশ রেলওয়ে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়।
এর আগে ১৩ থেকে ১৭ মার্চের টিকিট বিক্রি শেষ হয়েছে। আগামীকাল ৯ মার্চ বিক্রি হবে ১৯ মার্চের টিকিট। চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির পরিকল্পনাও রয়েছে।
রেলওয়ের নিয়ম অনুযায়ী একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন, তবে এগুলো ফেরত দেওয়া যাবে না। এছাড়া নন-এসি কোচের ২৫ শতাংশ ‘স্ট্যান্ডিং টিকিট’ যাত্রার আগে সংশ্লিষ্ট স্টেশন থেকে পাওয়া যাবে।



