অল ক্রাইমস.টিভি ডেস্ক
ইরান-ইসরায়েল যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। আতঙ্কে অতিরিক্ত তেল মজুত করার প্রবণতায় ঢাকার বেশ কিছু এবং গাজীপুরের অধিকাংশ ফিলিং স্টেশন তেলশূন্য হয়ে পড়েছে। রোববার (৮ মার্চ) সকাল থেকেই অনেক পাম্পে ‘পেট্রোল নেই’ ও ‘অকটেন নেই’ লেখা পোস্টার ঝুলতে দেখা যায়। এতে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।
তেলের খোঁজে অনেক চালক এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরেও ব্যর্থ হচ্ছেন। কোথাও কোথাও গাড়ি নিয়ে রাস্তার পাশে অপেক্ষা করতে দেখা গেছে তাদের। কিছু পাম্পে সিএনজি সরবরাহ স্বাভাবিক থাকায় সেখানে দীর্ঘ লাইন তৈরি হয়েছে। সরেজমিনে ঢাকার বিভিন্ন এলাকা ও গাজীপুরের কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, অধিকাংশ পাম্পই কার্যত জনশূন্য। তেল ফুরিয়ে যাওয়ায় অনেক পাম্পের প্রবেশপথে দড়ি বা ব্যারিকেড দেওয়া হয়েছে।
গাজীপুরের সাইনবোর্ড এলাকার এক চালক জানান, সকাল থেকে কয়েকটি পাম্প ঘুরেও তিনি তেল পাননি। আরেক গাড়িচালক বলেন, এভাবে তেল না পেলে গাড়ি চালানোই কঠিন হয়ে পড়বে। পাম্পের এক নিরাপত্তাকর্মী জানান, কয়েকদিন ধরে মানুষের ভিড় ছিল, অনেকেই ড্রাম ভরে তেল নিতে চাওয়ায় দ্রুত স্টক শেষ হয়ে গেছে।
তবে রাজধানীর বিমানবন্দর এলাকার দুটি পাম্পে তেল মজুত থাকায় সেখানে শত শত গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে। চাহিদা বেশি হওয়ায় পাম্প কর্তৃপক্ষ সীমিত পরিমাণে তেল দিচ্ছে।
এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সম্ভাব্য দীর্ঘমেয়াদি সংকট মোকাবিলায় রোববার থেকে দেশে জ্বালানি তেল বিক্রিতে রেশনিং পদ্ধতি চালু করেছে সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, মোটরসাইকেল দিনে সর্বোচ্চ ২ লিটার, ব্যক্তিগত গাড়ি ১০ লিটার এবং এসইউভি বা মাইক্রোবাস ২০–২৫ লিটার তেল নিতে পারবে। স্থানীয় বাস বা পিকআপ ভ্যানকে ৭০–৮০ লিটার এবং দূরপাল্লার বাস ও ট্রাককে দৈনিক ২০০–২২০ লিটার ডিজেল দেওয়া হবে। সরকার বলছে, বৈশ্বিক সরবরাহ অনিশ্চয়তার কারণে আগাম সতর্কতা হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।



