অল ক্রাইমস.টিভি ডেস্ক
ক্ষমতার প্রথম বছরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতনসহ পরিচালন ব্যয় মেটাতে বিদেশ থেকে প্রায় ৪ বিলিয়ন ডলার ঋণ নিয়েছে ইউনূস সরকার। অর্থনীতি সম্পর্ক বিভাগ (ইআরডি)–এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। রোববার (৮ মার্চ) একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে নেওয়া মোট ৯ বিলিয়ন ডলার বিদেশি ঋণের মধ্যে প্রায় ৪ বিলিয়ন ডলার পরিচালন ব্যয়ে ব্যবহৃত হয়েছে, যার বড় অংশ গেছে সাধারণ সরকারি সেবায়। বিশ্লেষকদের মতে, উন্নয়ন প্রকল্পের বদলে বিদেশি ঋণ দিয়ে বেতন পরিশোধ করা অর্থনৈতিক ব্যবস্থাপনার দুর্বলতার ইঙ্গিত।
তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সরকারের মোট বিদেশি ঋণ দাঁড়ায় ৭৭ বিলিয়ন ডলার, যা জিডিপির প্রায় ১৯ শতাংশ। আপাতত এই হার ঝুঁকিপূর্ণ না হলেও ভবিষ্যতে ঋণফাঁদ এড়াতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।
পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. এম মাসরুর রিয়াজ বলেন, ওই সময় বাজেট সহায়তার অংশ হিসেবে বিশ্বব্যাংক ও এডিবির সঙ্গে চুক্তির মাধ্যমে কয়েক বিলিয়ন ডলার ছাড় হয়। এর একটি বড় উদ্দেশ্য ছিল বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত স্থিতিশীল করা।



