সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ শনিবার (১৫ আগস্ট)। ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। মৃত্যুর পর এটাই তার প্রথম জন্মদিন।
জন্মদিন উপলক্ষে এবারও কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন রাখেনি বিএনপি। খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ঢাকাসহ সারা দেশে দলীয় কার্যালয় ও মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
খালেদা জিয়া ২০২৫ সালের ৩০ ডিসেম্বর মারা যান। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং সব মিলিয়ে তিন দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন হিসেবে দীর্ঘদিন দলটির নেতৃত্ব দেন। ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত একাধিক জাতীয় নির্বাচনে অংশ নিয়ে সব আসনেই জয় পান তিনি।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ৬ আগস্ট স্থায়ী মুক্তি পান খালেদা জিয়া। এর আগে ২০১৬ সাল থেকে বিএনপি ১৫ আগস্টে কেক কাটার পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে তার জন্মদিন পালন করে আসছে।
এ ছাড়া আজ বিকেলে ঢাকা-১৭ আসনের মহাখালী কড়াইল বস্তি এলাকার টিঅ্যান্ডটি মাঠে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে অনুদান বিতরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বগুড়ার শিবগঞ্জেও খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।



