অল ক্রাইমস. টিভি ডেস্ক
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি আমদানি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী ৮টি জাহাজ। রোববার (৮ মার্চ) সকালে জাহাজগুলো বন্দরে নোঙর করে। বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, জাহাজগুলো ২৮ ফেব্রুয়ারির আগেই হরমুজ প্রণালি অতিক্রম করেছিল। হরমুজ প্রণালি বন্ধের আশঙ্কার আগে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে মোট ১০টি জাহাজ চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। এর মধ্যে চারটিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), দুটিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অন্যগুলোতে ডিজেলসহ বিভিন্ন ধরনের জ্বালানি পণ্য রয়েছে। সব মিলিয়ে এসব জাহাজে প্রায় পৌনে ৪ লাখ টন তেল-গ্যাস রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা এবং তেহরানের পাল্টা প্রতিক্রিয়ার পর হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বেড়ে যায়। এর ফলে বিশ্বজুড়ে তেল ও এলএনজি সরবরাহের একটি বড় অংশ ঝুঁকির মুখে পড়েছে।
এ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে সম্ভাব্য সংকট মোকাবিলায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গত শুক্রবার থেকে জ্বালানি তেল বিক্রিতে সীমা নির্ধারণ করেছে।



