অল ক্রাইমস.টিভি ডেস্ক
জ্বালানি সংকটের বিষয়টি বিবেচনায় রেখে কৃচ্ছ্রসাধনের লক্ষ্যে এ বছর ২৬ মার্চ স্বাধীনতা দিবসে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয় এবং সম্ভাব্য সংকট এড়াতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছর দেশজুড়ে সরকারি-বেসরকারি ভবনসহ বিভিন্ন স্থাপনায় আলোকসজ্জা করা হয়। তবে বর্তমান পরিস্থিতিতে জ্বালানি ব্যবহারে সংযম দেখাতে সরকার এ বছর আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট দপ্তর, মন্ত্রণালয় ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন, যাতে দিবসটি যথাযথ মর্যাদায় এবং নিরাপদ পরিবেশে পালিত হতে পারে।
মন্ত্রী আরও জানান, ২৫ মার্চ বাংলাদেশ গণহত্যা স্মরণ দিবস যথাযোগ্য মর্যাদা, শোক ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হবে। এ দিবস পালনে ধর্ম মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সমন্বিতভাবে কাজ করবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে।
তিনি বলেন, ২৬ মার্চ ভোরে সাভার স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ –এ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, বিরোধী দলীয় নেতাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি থাকবে। এসব কর্মসূচি যাতে নিরাপদ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয় এবং যাতায়াতে কোনো সমস্যা না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, সামনে ঈদুল ফিতরকে ঘিরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার আগাম প্রস্তুতি নিয়েছে। ঈদযাত্রায় যাতে কোনো ধরনের অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য বিভিন্ন দপ্তর ও সংস্থার মধ্যে সমন্বয় করা হয়েছে। এ ক্ষেত্রে শিল্পাঞ্চল ও গার্মেন্টস খাতের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপিকে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বিজিএমইএ, বিটিএমইএ, বিকেএমইএ, শ্রমিক প্রতিনিধি ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে সমন্বয় করবেন।
মব জাস্টিস নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব ধরনের অপরাধকে ‘মব’ বলে একসঙ্গে বিবেচনা করা ঠিক নয়। তিনি বলেন, কিছু বিচ্ছিন্ন অপরাধের ঘটনা ঘটলেও সেগুলোকে আইনের আওতায় আনা হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি নরসিংদীর একটি হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেন, যেখানে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত মামলা নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে দেখা গেছে, ওই ঘটনায় ভুক্তভোগীর সৎ বাবাও জড়িত ছিলেন এবং কয়েকজন আসামি ইতোমধ্যে স্বীকারোক্তি দিয়েছেন।
মন্ত্রী বলেন, সরকার মব কালচার বা গণপিটুনির মতো ঘটনার ব্যাপারে অত্যন্ত সতর্ক এবং এ ধরনের প্রবণতা নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া বিচ্ছিন্ন ঘটনাগুলোর দিকেও নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গার্মেন্টস খাতে ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধ নিয়ে সম্ভাব্য অস্থিরতার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে গার্মেন্টস মালিক সংগঠনগুলোর সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে। বিজিএমইএ, বিটিএমইএ ও বিকেএমইএ নেতারা জানিয়েছেন, অধিকাংশ কারখানাই ঈদের আগেই শ্রমিকদের বেতন, ভাতা ও বোনাস পরিশোধ করতে পারবে। এ ক্ষেত্রে সরকার ও ব্যাংকিং খাতও প্রয়োজনীয় সহযোগিতা দেবে।
তিনি আরও বলেন, যদি কোনো কারখানায় ব্যতিক্রমী সমস্যা দেখা দেয়, তবে তা আগেই সমাধানের উদ্যোগ নিতে মালিকপক্ষকে বলা হয়েছে, যাতে ঈদের আগে শ্রমিকদের মধ্যে কোনো অসন্তোষ বা অস্থিরতা তৈরি না হয়।



