পরীক্ষামূলক সংস্করণ

মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিয়ারে ফাটল শনাক্ত: মন্ত্রী

মেট্রোরেলের উত্তরা-মতিঝিল রুটে ২৭টি বেয়ারিং প্যাডকে ক্রিটিক্যাল এবং ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রায় ফাটল শনাক্ত হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

সেফটি অডিট কমিটির প্রতিবেদনের বরাত দিয়ে বুধবার জাতীয় সংসদে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য দেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

শেখ রবিউল আলম বলেন, সেফটি অডিট কমিটির প্রতিবেদন অনুযায়ী উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে থাকা ৭৩০টি বেয়ারিং প্যাডের সবগুলো ক্রিটিক্যাল নয়। এর মধ্যে ১৪৭টির ত্রুটি মাইনর হিসেবে চিহ্নিত হয়েছে। আরও ২৯৭টি প্যাডের ত্রুটি মূলত স্থাপন ওয়ার্কম্যানশিপ-সংক্রান্ত।

তবে ২৭টি ত্রুটিপূর্ণ বেয়ারিং প্যাডকে ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই প্রতিবেদনে ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রায় ক্র্যাক বা ফাটল শনাক্ত হওয়ার তথ্যও উঠে এসেছে।

সেফটি অডিট কমিটির সুপারিশ বাস্তবায়নে কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বেয়ারিং প্যাডের স্থানচ্যুতির মতো সমস্যা হতে পারে—এমন ১০টি ক্ষেত্রে স্টিল ব্র্যাকেট স্থাপন করা হয়েছে। এছাড়া ২৭টি বেয়ারিং প্যাডের ক্ষেত্রে সেটেলমেন্ট মার্কার বসানো হয়েছে।

ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত ২৭টি বেয়ারিং প্যাড আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিস্থাপনের কর্মসূচি নেওয়া হয়েছে। অন্যদিকে ৪৬টি পিয়ারে শনাক্ত হওয়া ফাটলের ঝুঁকি নিরূপণ ও মেরামতকৌশল নির্ধারণে বুয়েটকে স্ট্রাকচারাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।

স্থাপনার স্ট্রাকচারাল ক্র্যাক পরিমাপ ও পর্যবেক্ষণের জন্য ১০২টি স্থানে ‘স্ট্রাকচারাল ক্র্যাক গেজ’ বসানো হচ্ছে বলেও জানান মন্ত্রী।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তারের প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী জানান, ঢাকা, বগুড়া ও চট্টগ্রাম শহরে ১৩টি রুটে ১৪টি মহিলা বাস বা ‘পিংক বাস’ সার্ভিস পরিচালিত হচ্ছে। সারা দেশে মহিলা বাস সার্ভিস সম্প্রসারণের লক্ষ্যে আরও ১০০টি ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি) আমদানির কার্যক্রম চলমান রয়েছে।

সংরক্ষিত আসনের সংসদ সদস্য সানজিদা ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে দেশে বিআরটিসির বাস রয়েছে ১ হাজার ২৯৮টি এবং ট্রাক ৫২৫টি। এর মধ্যে সচল বাস ১ হাজার ১৭২টি ও অচল ১২৬টি। সচল ট্রাক ৪৯৪টি এবং অচল ৩১টি।

চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, কর্ণফুলী টানেলকে কেন্দ্র করে যেসব বিনিয়োগের সম্ভাবনা চিহ্নিত করা হয়েছিল, নানা কারণে সেগুলো যথাসময়ে বাস্তবায়ন করা হয়নি।

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর কর্ণফুলী টানেলকে কেন্দ্র করে শিল্পায়ন ও বিনিয়োগের নতুন সম্ভাবনা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। টানেলটিকে শুধু যোগাযোগ অবকাঠামো হিসেবে নয়, দক্ষিণ চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন, পর্যটন বিকাশ এবং আঞ্চলিক ভারসাম্যপূর্ণ উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে ১০ হাজার ২৫৫ কোটি ২৯ লাখ টাকা। প্রকল্পের নির্মাণ ও বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠেছে এবং এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে।

রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য আবদুল রাবী সরদারের প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী জানান, ট্রেনের ছাদে ভ্রমণ বাংলাদেশ রেলওয়ের অনুমোদিত ব্যবস্থা নয়। বিভিন্ন উৎসবে যাত্রীরা জোরপূর্বক ট্রেনের ছাদে ভ্রমণ করেন, যা কারও কাম্য নয়। ছাদে যাত্রী বহন বন্ধ করতে কারিগরি দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান, রেলওয়ের প্রচলিত আইন অনুযায়ী দুর্ঘটনায় নিহত যাত্রীর পরিবারের ক্ষতিপূরণ পাওয়ার বিধান রয়েছে।

সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, সড়ক পরিবহন আইন অনুযায়ী ব্যাটারিচালিত অটোরিকশাকে অযান্ত্রিক যান হিসেবে গণ্য করা হয়। আইন অনুযায়ী জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে সড়ক ও মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করা হচ্ছে বলেও জানান তিনি।

প্রধান খবর

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশের তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায় তাহলে করা

গেন্ডারিয়ায় সিঁড়ির রেলিংয়ে ঝুলছিল ৯ বছরের শিশুর মরদেহ

ঢাকার গেন্ডারিয়ায় একটি ভবনের সিঁড়ির রেলিংয়ে রশিতে ঝুলন্ত অবস্থায় ৯ বছরের শিশু তানভীর হোসেনের মরদেহ পাওয়া গেছে। ঘটনাটি হত্যা নাকি অন্য কিছু, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ঢাকা-১৭ আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান

ঢাকা-১৭ আসনের বিভিন্ন মসজিদ, মাদরাসা, এতিমখানা ও মন্দিরে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে অনুদান তুলে দেওয়া হয়।

আসছে...