দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত এই রোগে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৩৯ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ১ হাজার ৪৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে একজন করে মোট ৪ জন মারা গেছেন।
এদিকে গত একদিনে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে ৩২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। খুলনা বিভাগে ২৮৪, চট্টগ্রাম বিভাগে ২০২, বরিশাল বিভাগে ১৭৮, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৫১, রাজশাহী বিভাগে ১২২, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮১, ময়মনসিংহ বিভাগে ৮০, রংপুর বিভাগে ৫৪ এবং সিলেট বিভাগে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগেই মারা গেছেন ৭১ জন।
এছাড়া খুলনা বিভাগে ২৫, ময়মনসিংহে ১৪, বরিশালে ১২, চট্টগ্রামে ৯ এবং রাজশাহী বিভাগে ৬ জনের মৃত্যু হয়েছে। রংপুর ও সিলেট বিভাগে একজন করে মোট ২ জন ডেঙ্গুতে মারা গেছেন।



