আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে ব্যাপক আকারে হাম প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। শিশুদের সুরক্ষায় নিয়মিত টিকাদান কার্যক্রমও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পাড়াগাঁও ঈদগাহ মাঠে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
সরদার সাখাওয়াত হোসেন বলেন, হাসপাতালে হাম আক্রান্ত হয়ে যেসব শিশু আসছে, তাদের বেশিরভাগই টিকা নেয়নি। এ কারণে এখনো হাম সংক্রমণ হচ্ছে। শিশুদের হাম থেকে সুরক্ষায় ভ্যাকসিন দেওয়ার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু করা হবে। শিশুদের সুরক্ষায় এই কার্যক্রম নিয়মিত চালু রাখার কথাও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ২১ দিনের মধ্যে দুই কোটি ভ্যাকসিন সংগ্রহ করেছে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী দুই কোটি শিশুকে ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, অতীতেও দেশে হাম হয়েছে। তবে বর্তমানে পুষ্টির ঘাটতি ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। এ পরিস্থিতি মোকাবিলায় শিশুদের নিয়মিত ভ্যাকসিন দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, মহিলা আসন-৩২৮-এর সংসদ সদস্য মমতাজ আলো এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদসহ অনেকে।



