চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিএডিসির গোডাউন থেকে বরাদ্দ করা ৪৪০ বস্তা টিএসপি সার অন্যত্র সরিয়ে নেওয়ার সময় জব্দ করেছে স্থানীয়রা। এ ঘটনায় সারবাহী একটি ট্রাকও আটক করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া সড়কের চিৎলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে হাপানিয়া ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে গিয়ে জব্দ করা সার ও ট্রাকটি হেফাজতে নেয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৈধ কাগজপত্র ছাড়াই বিপুল পরিমাণ সরকারি সার অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা ট্রাকটি আটক করেন।
পুলিশের তথ্যমতে, আটক ট্রাকে থাকা চালানে পণ্যের বিবরণ, টিএসপি সারের পরিমাণ ও পরিবহনসংক্রান্ত বিভিন্ন তথ্য হাতে লেখা ছিল। তবে চালানে উল্লেখ করা তথ্যের সঙ্গে জব্দ করা সারের পরিমাণ, ট্রাকের গন্তব্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যের মিল পাওয়া যায়নি।
জব্দ করা সার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের মুদি ব্যবসায়ী মিনারুল ইসলামের বলে জানা গেছে।
সার আটকের পর মিনারুল ইসলাম দাবি করেন, সারগুলো যশোরের নওয়াপাড়া থেকে ট্রাকে করে আনা হচ্ছিল। ইউনিয়নের কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করতে না পারায় নওয়াপাড়া থেকে সার এনে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল বলেও দাবি করেন তিনি।
আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ জানান, সার পাচারের অভিযোগে মিনারুল ইসলামসহ জব্দ করা সার ও ট্রাকচালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।



