অল ক্রাইমস. টিভি ডেস্ক
মধ্যপ্রাচ্যে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান আকাশসীমা বন্ধ রাখায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ রাত ১২টা পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৩৬১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে কুয়েত এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া, গালফ এয়ার, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, জাজিরা এয়ারওয়েজ ও ফ্লাইদুবাইয়ের ফ্লাইট রয়েছে।
তবে একই সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে কিছু ফ্লাইট চালু ছিল। ২৮ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত ওমানের মাস্কাট, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে মোট ২৮৩টি ফ্লাইট পরিচালিত হয়েছে।
এ ছাড়া ১০ মার্চ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে আরও ৪৭টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশসীমা বন্ধ থাকায় এ পরিস্থিতি তৈরি হয়েছে এবং যাত্রীদের দুর্ভোগ কমাতে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।



