অল ক্রাইমস. টিভি ডেস্ক
রাইড শেয়ারিং সেবায় ব্যবহৃত মোটরসাইকেলের জন্য নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। এখন থেকে এসব মোটরসাইকেল দৈনিক সর্বোচ্চ ৫ লিটার পেট্রোল বা অকটেন নিতে পারবে। মঙ্গলবার বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত আমদানি ও দেশের বিভিন্ন ডিপোতে সরবরাহ কার্যক্রম চালু রয়েছে। নতুন নিয়ম অনুযায়ী তেল নেওয়ার সময় রাইড শেয়ারিং অ্যাপে তেলের ধরন, পরিমাণ ও মূল্য উল্লেখ করে রশিদ দিতে হবে এবং আগের ক্রয়ের রশিদ দেখাতে হবে। পাশাপাশি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ও চালকের তথ্য যাচাই করে তেল সরবরাহ করা হবে।
এর আগে একটি নির্দেশনায় মোটরসাইকেলের জন্য দৈনিক ২ লিটার তেলের সীমা নির্ধারণ করা হয়েছিল। ব্যক্তিগত গাড়ি, এসইউভি, বাস ও ট্রাকের ক্ষেত্রেও নির্দিষ্ট পরিমাণ তেল নেওয়ার সীমা বেঁধে দেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে বৈশ্বিক বাজারে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হওয়ায় অনেকেই আতঙ্কে বেশি তেল কিনছেন। তবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, দেশে জ্বালানি তেলের মজুত রয়েছে এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।



