টঙ্গীতে পুলিশের ওপর পাথর নিক্ষেপ করে গ্রেপ্তার হওয়া এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) টঙ্গী পূর্ব থানা পুলিশ এ তথ্য জানিয়েছে।
এর আগে পুলিশের ওপর হামলার ঘটনায় টঙ্গী পূর্ব থানার এসআই হাবিবুর রহমান বাদী হয়ে মামলা করেন।
গ্রেপ্তাররা হলেন-মোজাম্মেল (৩০), আশরাফুল ইসলাম (২৪), নাইম মিয়া (২৮), সোহাগ (৩০) ও আদর আলী (২১)। তারা বিভিন্ন জেলা থেকে এসে টঙ্গীতে ভাড়া বাসায় বসবাস করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কেরানীরটেক মাদক বস্তি থেকে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেপ্তার করে।
পরে টঙ্গী রেলওয়ে স্টেশন দিয়ে তাকে থানায় নেওয়ার সময় কয়েকজন মাদক কারবারি পুলিশের ওপর হামলা চালায়। তারা রেললাইনের পাথর কুড়িয়ে পুলিশকে লক্ষ্য করে নিক্ষেপ করলে কনস্টেবল মাসুদ আহত হন। এ সুযোগে হামলাকারীরা রাহুলকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়।
ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ছিনিয়ে নেওয়া আসামিকে উদ্ধারে রাতভর অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার সময় সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা করে। তারা রেললাইনের পাথর বৃষ্টির মতো নিক্ষেপ করে আসামিকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় করা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।



