পরীক্ষামূলক সংস্করণ

একাদশে ভর্তিতে আবেদন প্রায় ১০ লাখ, আসন ২৫ লাখ, ভর্তির ফল ১৬ সেপ্টেম্বর, ক্লাস শুরু ২৩ সেপ্টেম্বর

২০২৬-২৭ শিক্ষাবর্ষে কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শেষ হয়েছে। এবার ভর্তির জন্য আবেদন করেছে ৯ লাখ ৯৫ হাজার ২৯৬ জন শিক্ষার্থী। অথচ সারা দেশে কলেজ ও মাদ্রাসায় ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় ২৫ লাখ।

গতকাল রোববার একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন গ্রহণ শেষ হয়। এর আগে ২ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছিল।

ঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মনজুরুল কবীর জানান, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য এবার মোট ৯ লাখ ৯৫ হাজার ২৯৬ জন শিক্ষার্থী আবেদন করেছে।

আসনসংখ্যা আবেদনকারীর তুলনায় অনেক বেশি হওয়ায় এবার বিপুলসংখ্যক আসন খালি থাকার সম্ভাবনা রয়েছে। তবে আসন বেশি থাকলেও জিপিএ-৫ পাওয়া সব শিক্ষার্থী তাদের পছন্দের প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না। কারণ, তুলনামূলক ভালো ও জনপ্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আসনসংখ্যা সীমিত।

এবারও এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ জন্য কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে না। কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন নেওয়ার পর শিক্ষার্থীদের ফলাফল, পছন্দক্রম এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটা বিবেচনা করে ভর্তির জন্য প্রতিষ্ঠান নির্ধারণ করা হবে।

নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির ফল আগামী ১৬ সেপ্টেম্বর রাতে প্রকাশ করা হবে। ভর্তি-সংক্রান্ত সব কার্যক্রম শেষ হওয়ার পর আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

কয়েক বছর ধরেই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে। নির্ধারিত ফি দিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দক্রমে রাখতে হয়।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি সহায়তায় ঢাকা শিক্ষা বোর্ড কেন্দ্রীয়ভাবে একাদশ শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম পরিচালনা করে। এই পদ্ধতিতেই দেশের কলেজ ও মাদ্রাসাগুলোতে ভর্তি কার্যক্রম পরিচালিত হয়।

তবে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী ভর্তি করা হয় পৃথক প্রক্রিয়ায়। এ ছাড়া ঢাকার নটর ডেম কলেজসহ কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া দেশের প্রায় সব কলেজ ও মাদ্রাসায় কেন্দ্রীয় অনলাইন পদ্ধতিতে একাদশ শ্রেণিতে ভর্তি করা হয়।

গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন।

পরে পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের মাধ্যমে আরও চার হাজারের বেশি পরীক্ষার্থী পাস করেছে।

প্রধান খবর

জ্বালানি পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী-গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিকের আশা জানিয়েছেন তিনি।

শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি

শিক্ষা, প্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আসছে...