অল ক্রাইমস.টিভি ডেস্ক
জামিন করিয়ে দেওয়ার জন্য এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ ওঠার পর প্রসিকিউটরদের সতর্ক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
মঙ্গলবার (১০ মার্চ) চিফ প্রসিকিউটরের কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে তিনি জানান, বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত করা হবে।
এর আগে প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের একটি অডিও ফাঁস হয়, যেখানে চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে খালাস করিয়ে দেওয়ার কথা বলে তার পরিবারের কাছে এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ ওঠে।
চিফ প্রসিকিউটর বলেন, এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ না এলেও প্রসিকিউশন কার্যালয় থেকে অভ্যন্তরীণ তদন্ত করা হবে।
তিনি আরও জানান, ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর থেকে সব বিষয়ে তদন্তের জন্য একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করা হবে। কোনো প্রসিকিউটর বা সংশ্লিষ্ট কেউ দুর্নীতিতে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।



