আওয়ামী লীগের দীর্ঘ শাসন, অন্তর্বর্তীকালীন সরকার এবং ফখরুদ্দীন-মইনউদ্দিনের সময়ের বিভিন্ন সমস্যা ও সংকট মিলিয়ে প্রায় ২০ বছরের সমস্যা বিএনপি সরকারকে সমাধান করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) রাশেদ খান।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে রাশেদ খাঁনসহ বিভিন্ন রাজনৈতিক ও সরকারি কর্মকর্তারা বক্তব্য দেন।
রাশেদ খান বলেন, আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামল, অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাস এবং ফখরুদ্দীন-মইনউদ্দিনের সময়ের দুই বছর—সব মিলিয়ে দীর্ঘ সময়ের বিভিন্ন সমস্যা ও সংকটের প্রভাব বর্তমান সরকারকে মোকাবিলা করতে হচ্ছে।
তিনি বলেন, সরকার ও বিরোধী দল-দুই পক্ষেই জুলাই আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক শক্তি রয়েছে। তাদের মধ্যে বিভক্তি বাড়লে রাষ্ট্র পুনর্গঠনের প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে।
রাশেদ খান আরও বলেন, সরকারের একটি অংশ জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত রাজনৈতিক শক্তির প্রতিনিধিত্ব করছে, অন্য একটি অংশ বিরোধী দলে রয়েছে। ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র পুনর্গঠন করা না গেলে অন্যরা এর সুযোগ নিতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
তার দাবি, বিগত সরকারের দীর্ঘ শাসনামলে পুলিশ ও প্রশাসনে দলীয়করণসহ বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে। পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের সমস্যাগুলোরও প্রভাব বর্তমান সরকারকে উত্তরাধিকারসূত্রে মোকাবিলা করতে হচ্ছে।



