ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় ঝটিকা মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে চান্দিনা, দাউদকান্দি ও মুরাদনগর উপজেলার সীমান্তবর্তী তীরচর-লাজৈর এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন মুরাদনগরের বাঙ্গরা থানার হাটাশ গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. সারোয়ার (১৬), দৌলবাড়ি গ্রামের মৃত শিশু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৭) এবং দেবিদ্বারের ছেচরাপুকুরিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সারোয়ার হোসেন রাকিব (৩০)।
স্থানীয় সূত্র জানায়, দেবিদ্বারের সাবেক উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে দুপুর ১টার দিকে মুরাদনগরের লাজৈর এলাকা থেকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি মিছিল বের হয়। মিছিলটি চান্দিনার তীরচরের দিকে যাওয়ার সময় পুলিশ ধাওয়া দিলে তিনজনকে আটক করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যান।
মিছিল থেকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয় বলে স্থানীয় সূত্রের দাবি। পরে তাঁদের কাছ থেকে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের একটি ব্যানার ও কয়েকটি জাতীয় পতাকা উদ্ধার করা হয়।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, মহাসড়কে টহল দেওয়ার সময় তাঁদের আটক করা হয়। তবে যে স্থান থেকে তাঁদের আটক করা হয়েছে, সেটি মুরাদনগর থানার আওতাধীন। তাই আটক তিনজনকে মুরাদনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।



