পরীক্ষামূলক সংস্করণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ছেলের লাশ জঙ্গল থেকে উদ্ধার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, অপ্রতিমের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন জঙ্গলের ভেতর থেকে অপ্রতিমের মরদেহ পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে তার পরিবার কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে।

অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের একমাত্র ছেলে। সে কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, অপ্রতিম বাসায় না ফেরায় তার সঙ্গে থাকা মুঠোফোনের অবস্থান শনাক্তের চেষ্টা করা হয়। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কুমিল্লার কোটবাড়ি এলাকার গন্ধমতীতে তার অবস্থান শনাক্ত করা হয়েছিল। এরপর তার সঙ্গে থাকা ফোনটি বন্ধ পাওয়া যায়।

ছেলেকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে সবার সহযোগিতা চেয়েছিলেন অপ্রতিমের মা নাহিদা বেগম।

পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রাথমিক ধারণা, অপ্রতিমের সঙ্গে থাকা মায়ের আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার কারণ এবং কারা এতে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অপ্রতিমের সঙ্গে থাকা আইফোনটিও উদ্ধার হয়নি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবদুল হাকিম জানান, অপ্রতিম নিখোঁজ হওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশ, ডিবি, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের সঙ্গে যোগাযোগ করে। তবে শেষ পর্যন্ত তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, মরদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।

প্রধান খবর

ন্যাম ভবনে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ

রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। আজ

ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত

মায়ের আইফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলে অপ্রতিমকে (১৩) হত্যা করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে তিনজনকে গ্রেপ্তার ও ফোন উদ্ধার করেছে পুলিশ। তদন্তে কিশোর অপরাধের তথ্য উঠে এসেছে।

অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকপুত্র অপ্রতিম হত্যার ঘটনায় জড়িত চারজনকে ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আসামিরা কিশোর অপরাধী চক্রের সদস্য এবং তারা ইতোমধ্যে নিজেদের অপরাধ স্বীকার করেছে। উদ্ধার হয়েছে নিহত অপ্রতিমের আইফোন।

আসছে...