ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও আর্টিলারি হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত আটজন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। কৃষ্ণসাগরে দুটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও পাওয়া গেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ইউক্রেনের বিমানবাহিনী জানায়, শুক্রবার রাতে রাশিয়া ও রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া উপদ্বীপ থেকে ইউক্রেনের বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়। এ সময় ১৭৪টি ড্রোন এবং রাশিয়ার কুরস্ক অঞ্চল থেকে দুটি জিরকন অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়।
ইউক্রেনের বিমানবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১৪১টি আকাশপথের লক্ষ্যবস্তু ধ্বংস বা জ্যাম করেছে। ১৫টি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করা হয়। এছাড়া নয়টি এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে।
বিমানবাহিনী আরও দাবি করেছে, রাশিয়ার ছোড়া জিরকন অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্রগুলো নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, কৃষ্ণসাগরে দুটি বাণিজ্যিক জাহাজে হামলার জন্য গেরান-৪ সিকার ড্রোন ব্যবহার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত জাহাজ দুটির একটি ওডেসাগামী ইউক্রেনীয় বাল্ক ক্যারিয়ার এবং অন্যটি ওডেসা বন্দরে নোঙর করা একটি ট্যাংকার বলে জানিয়েছে মন্ত্রণালয়।
রাশিয়ার দাবি, উভয় জাহাজেই সামরিক সরঞ্জাম পরিবহন করা হচ্ছিল। তবে এ দাবির বিষয়ে স্বাধীনভাবে তাৎক্ষণিক যাচাই পাওয়া যায়নি।
খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনিহুভভ জানান, ১৪টি এলাকায় রুশ হামলায় পাঁচজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। বালাকলিয়া ও লিপকুভাতিভকাসহ বিভিন্ন এলাকায় স্থাপনা ও আবাসিক এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
খারসন অঞ্চলের গভর্নর ওলেকসান্দর প্রকুদিন জানান, ২৫টি এলাকায় গোলাবর্ষণে তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, হামলায় বহুতল আবাসিক ভবন, ব্যক্তিগত ঘরবাড়ি, একটি মোবাইল টাওয়ার ও গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।
দনেপ্রোপেত্রোভস্ক অঞ্চলের প্রশাসনিক প্রধান ওলেকসান্দর গানজা জানান, ড্রোন, আর্টিলারি ও এরিয়াল বোমা ব্যবহার করে ১০টির বেশি এলাকায় হামলা চালানো হয়েছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন বলে তিনি জানান।
হামলার ঘটনায় হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতেই প্রাথমিক হিসাব পাওয়া গেছে। যুদ্ধ পরিস্থিতির কারণে এসব তথ্য পরবর্তী সময়ে পরিবর্তিত হতে পারে।



