রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে।
আজ রোববার সন্ধ্যায় শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে মরিয়মকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তখনও মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দল ঘটনাস্থলে যাচ্ছিল। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
তাৎক্ষণিকভাবে মরিয়মের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এটি আত্মহত্যা, নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—ফরেনসিক পরীক্ষা ও পুলিশের তদন্তের আগে সে বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।
ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন মরিয়মকে ঘিরে কয়েক মাস আগে ব্যাপক রাজনৈতিক ও সামাজিক আলোচনা তৈরি হয়েছিল।
গত জুলাইয়ে গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে গাজী নজরুল নিজেই জানান, ভিডিওতে থাকা তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম।
ভিডিও ছড়িয়ে পড়ার পর ২২ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে। দলটির পক্ষ থেকে তখন বলা হয়েছিল, সাংগঠনিক তদন্তে তাঁর ‘নৈতিক স্খলন’ প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরে জামায়াত তাঁর বহিষ্কারের বিষয়টি জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনকেও আনুষ্ঠানিকভাবে জানায়।



