রাজধানীর মধ্য বাড্ডায় যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এইমস হাসপাতালের কাছে এ ঘটনা ঘটে। তবে আগুনের সময় বাসটিতে কোনো যাত্রী ছিল কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ঘটনায় হতাহতের খবরও পাওয়া যায়নি।
এর আগে একই দিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১১ নম্বরে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এর প্রায় আধা ঘণ্টা পর মিরপুর-১ নম্বর ট্রাফিক পুলিশ বক্সের পাশে অভিজাত পরিবহনের আরও একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পৃথক এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে শনিবার সন্ধ্যায় যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সামাদ সুপার মার্কেটের সামনে ককটেলগুলোর বিস্ফোরণ ঘটানো হয়। এতে বিল্লাল নামে এক রিকশাচালক আহত হয়েছেন বলে জানা গেছে।
এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার পর থেকে রাত পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী, মগবাজার ও আগারগাঁওসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই রাতে মিরপুরের কাফরুল এলাকায় একটি যাত্রীবাহী বাসেও আগুন দেওয়া হয়।
এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ডিএমপি সূত্রে জানা গেছে, রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে দুই শতাধিক চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি পুলিশের টহলও বাড়ানো হয়েছে।
রাজধানীতে প্রবেশের চারটি গুরুত্বপূর্ণ স্থানেও বিশেষ নজরদারি রাখা হয়েছে। এসব পথে চলাচলকারী যানবাহন পর্যবেক্ষণের পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।




