ঢাকার ধামরাইয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে ধরতে বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে না পেয়ে তাঁর বাবা মোহাম্মদ কলিম উদ্দিনকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবারের দাবি, কলিম উদ্দিন একজন নিরীহ কৃষক; তিনি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন এবং তাঁর বিরুদ্ধে আগে কোনো মামলাও ছিল না। তবে পুলিশ বলছে, আওয়ামী লীগের সমর্থক—এমন তথ্যের ভিত্তিতে তাঁকে একটি পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের ভাবনহাটি গ্রামে কলিম উদ্দিনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। তাঁর ছেলে প্রকৌশলী রিফাত আহমেদ যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
কলিম উদ্দিনের স্ত্রী হাসিনা বেগম বলেন, রাতে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য তাঁদের বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়েন। পুলিশ পরিচয় দেওয়ার পর তাঁর স্বামী দরজা খুলে দেন। সে সময় বাড়িতে কলিম উদ্দিন, তাঁর স্ত্রী, মেয়ে ও ছেলের স্ত্রী ছিলেন।
হাসিনা বেগমের ভাষ্য, পুলিশ প্রথমে তাঁর ছেলে রিফাতের খোঁজ করে। রিফাত বাড়িতে নেই এবং রাজনৈতিক কারণে পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগও নেই—এ কথা জানানোর পর পুলিশ কলিম উদ্দিনকে বাড়ির বাইরে নিয়ে যায়। পরে তাঁকে থানায় নিয়ে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
তিনি বলেন, ‘আমার স্বামী একজন কৃষক। তিনি রাজনীতি করেন না এবং তাঁর নামে কোনো মামলাও ছিল না। ছেলে রাজনীতি করে বলে নিরীহ বাবাকে গ্রেপ্তার করে হয়রানি করা হয়েছে।’
কলিম উদ্দিনের মেয়ে হ্যাপী আক্তারও দাবি করেন, তাঁর বাবা কখনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তাঁর ভাই বাড়িতে আসেন না এবং পরিবারের সঙ্গে যোগাযোগও রাখেন না।
তিনি বলেন, ‘আমার ভাই রাজনীতি করেন, এটি সত্য। কিন্তু তাঁকে না পেয়ে বাবাকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখানো অন্যায়।’
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান কলিম উদ্দিনকে একটি পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, কলিম উদ্দিনের ছেলে রিফাত আহমেদ যুবলীগের নেতা এবং তাঁর নেতৃত্বে কিছুদিন আগে একটি মিছিল হয়েছে। কাউলিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে পুলিশ তাঁদের বাড়িতে অভিযান চালায়। ওই পরিবারের সদস্যরা আওয়ামী লীগের সমর্থক—এমন তথ্য পাওয়ার পর কলিম উদ্দিনকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
কলিম উদ্দিনের বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল কি না কিংবা তিনি আওয়ামী লীগের পদধারী নেতা কি না—এ প্রশ্নের জবাবে ওসি বলেন, তাঁর নামে আগে কোনো মামলা ছিল না। আওয়ামী লীগের সমর্থক—এমন তথ্যের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে রিফাত আহমেদ নিজেকে যুবলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচয় দেন। তিনি বলেন, ‘আমি যুবলীগের কোনো নেতা নই, সক্রিয় কর্মী। মিছিলে নেতৃত্ব দিয়েছি। আমাকে না পেয়ে হয়রানি করতে পুলিশ আমার বাবাকে গ্রেপ্তার করেছে।’



