চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান ওরফে মিতাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গতকাল সোমবার দিবাগত রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে মাহফুজুর রহমানকে আটক করা হয়। মঙ্গলবার ডিবির গুলশান বিভাগের উপকমিশনার আ ফ ম আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন।
আনোয়ার হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত দুইটার দিকে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে আটক করা হয়। তিনি ওই বাসায় লুকিয়ে ছিলেন বলে জানান তিনি।
ডিবির এই কর্মকর্তা বলেন, মহাখালীতে ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের ঘটনায় করা মামলায় মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করা হতে পারে।
এর আগে ১১ আগস্ট মহাখালী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় চারজনকে আটক করে পুলিশ। পুলিশ জানিয়েছিল, অন্যদের আটকের চেষ্টা করা হলে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।
তবে ওই ঘটনায় আটক চারজনের প্রকাশিত তালিকায় মাহফুজুর রহমান মিতার নাম ছিল না। প্রকাশিত তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা ছিলেন আসলাম মিয়া, আশিকুল ইসলাম, মাহফুজুর রহমান সিয়াম ও মনির হোসেন।
মাহফুজুর রহমান মিতাকে ওই মামলায় গ্রেপ্তার করা হবে কি না, তা পরবর্তী আইনগত প্রক্রিয়ার মাধ্যমে জানা যাবে।



