ঢাকার অদূরে আশুলিয়ায় একটি কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে।
সর্বশেষ মারা যাওয়া ব্যক্তির নাম নুর ইসলাম। তাঁর বয়স ৪০ বছর। আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক হারুন অর রশীদ বলেন, সকাল পৌনে নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নুর ইসলাম মারা যান। তাঁর শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
নুর ইসলাম বিস্ফোরিত কাভার্ড ভ্যানটির চালক ছিলেন। তাঁর বাড়ি বাগেরহাটের মোংলায়। তাঁর বাবার নাম আনিসুর রহমান।
একই ঘটনায় দগ্ধ আরও দুজন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
গত রোববার রাতে আশুলিয়ার প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থল ও এর অদূরে ছয়জন নিহত হন। পরে আহতদের মধ্যে আরও একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এরপর আজ মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় নুর ইসলামের মৃত্যু হলো। এতে ওই ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে আটজনে।
বিস্ফোরণের ঘটনায় আরও ২০ থেকে ২৫ জন আহত হন।



