অল ক্রাইমস. টিভি ডেস্ক
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, রাষ্ট্রপতি ‘ফ্যাসিস্টের দোসর’, তাই সংসদে তার ভাষণ দেওয়ার অধিকার নেই। বুধবার (১১ মার্চ) সংসদে বিরোধী দলের এমপিদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, এমন রাষ্ট্রপতির অধিবেশনে ভাষণ দেওয়া উচিত নয়। বিএনপি কেন এই সুযোগ দিচ্ছে, সেটিও তাদের কাছে বোধগম্য নয়।
ডেপুটি স্পিকার পদ নিয়ে তিনি জানান, বিষয়টি নিয়ে বিরোধী দলের মধ্যে আলোচনা হয়েছে এবং আনুষ্ঠানিক প্রস্তাব এলে সিদ্ধান্ত জানানো হবে।
এর আগে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ১১-দলীয় জোটের সংসদ সদস্যদের বৈঠকে আসন্ন সংসদ অধিবেশনে বিরোধী দলের নোটিশ ও আলোচ্য বিষয় চূড়ান্ত করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হবে। তবে স্পিকার ও ডেপুটি স্পিকার কে হবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।



