অল ক্রাইমস. টিভি ডেস্ক
প্রায় সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর আবার চালু হচ্ছে বগুড়ার ‘মধুবন সিনেপ্লেক্স’। আসন্ন ঈদুল ফিতর থেকে এখানে প্রদর্শিত হবে ঢালিউড তারকা শাকিব খান-এর নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’।
লোকসানের কারণে গত বছরের ১৮ সেপ্টেম্বর সিনেপ্লেক্সটি বন্ধ ঘোষণা করা হয়েছিল। এরপর থেকে এটি অস্থায়ীভাবে কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
সিনেপ্লেক্সের মালিক আর এম ইউনুস রুবেল বলেন, দীর্ঘদিন লোকসান হওয়ায় হল বন্ধ করতে হয়েছিল। তবে প্রেক্ষাগৃহটিকে টিকিয়ে রাখতে আবার চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, একসময় বগুড়া জেলায় ৩৮টি সিনেমা হল থাকলেও এখন টিকে আছে মাত্র ৭টি। তাই প্রেক্ষাগৃহ ব্যবসা টিকিয়ে রাখতে বিদেশি সিনেমা আমদানিসহ সরকারি সহায়তা প্রয়োজন বলে মনে করছেন হল মালিকরা।



