রাজবাড়ীর পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা খাতুন (৩০) হত্যা মামলায় মিলন শেখ (১৯) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ীর বিশেষ জেলা ও দায়রা জজ আদালত ও পারিবারিক আপিল আদালতের বিচারক মো. ইউসুফ হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি মিলন শেখ আদালতে উপস্থিত ছিলেন।
মিলন শেখ পাংশা উপজেলার খামারডাঙ্গী মুচিদাহ গ্রামের খলিল শেখের ছেলে। মামলার অপর দুই আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিচার শিশু/নারী ও শিশু আদালতে চলবে বলে জানা গেছে।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৯ আগস্ট রাতে পাংশা উপজেলার খামারডাঙ্গী মুচিদাহ গ্রামে কাতারপ্রবাসী আনিছুর রহমানের স্ত্রী রুনা খাতুনকে হত্যা করা হয়। পরদিন বাড়ির উঠান থেকে পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে পাংশা থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার আদালত মিলন শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।



