পরীক্ষামূলক সংস্করণ

রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব

রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীজনদের একটি সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন তিনি।

বুধবার স্থানীয় সময় ১১টার পর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা সংকটবিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব প্রস্তাব দেন। ‘দ্য রোহিঙ্গা ক্রাইসিস: আ রিনিউড কল ফর আ ডিউরেবল সল্যুশন ফ্রম প্রোট্র্যাক্টেড ডিসপ্লেসমেন্ট, উইথ জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি’ শীর্ষক বৈঠকটি বাংলাদেশ ও গাম্বিয়া যৌথভাবে আয়োজন করে।

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে প্রথম প্রস্তাবে তারেক রহমান বলেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীজনদের মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য একটি সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য রোডম্যাপ প্রণয়ন করতে হবে।

তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ও অন্যান্য রাষ্ট্রকে মিয়ানমারে স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টায় সহায়তা করতে হবে এবং নিজেদের প্রভাব কাজে লাগিয়ে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে হবে।

দ্বিতীয় প্রস্তাবে প্রধানমন্ত্রী মিয়ানমারে রোহিঙ্গাসহ বেসামরিক জনগণের ওপর সহিংসতা বন্ধ এবং তাঁদের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। তাঁর মতে, নিজ ভূমিতে ফিরে যাওয়ার জন্য রোহিঙ্গাদের আস্থা পুনর্গঠনে নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা জরুরি।

তৃতীয় প্রস্তাবে রোহিঙ্গা ও তাঁদের আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত ও পূর্বানুমানযোগ্য মানবিক সহায়তা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়ন আকাঙ্ক্ষা যেন বাধাগ্রস্ত না হয়, সেদিকেও আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর দেওয়ার আহ্বান জানান।

চতুর্থ প্রস্তাবে ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গুরুতর অপরাধের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি আন্তর্জাতিক বিচারিক ও তদন্ত প্রক্রিয়াগুলোতে অব্যাহত আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানান। এ ক্ষেত্রে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) জবাবদিহি প্রতিষ্ঠায় গাম্বিয়ার ভূমিকার প্রশংসা করেন তিনি।

পঞ্চম প্রস্তাবে মাদক অর্থনীতি, মানব পাচার, ডিজিটাল প্রতারণা, অবৈধ অস্ত্রসহ আন্তসীমান্ত অপরাধ মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান তারেক রহমান। এসব অপরাধ আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়াচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা সংকটের উৎপত্তি হয়েছে মিয়ানমারে। এর সমাধানও মিয়ানমারেই নিহিত।’ তিনি বলেন, এখন সহমর্মিতা প্রকাশের পাশাপাশি সংকটের মূল কারণ ও তার সমাধানের দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে। প্রতিশ্রুতি থেকে কার্যকর পদক্ষেপে এবং বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা থেকে বাস্তুচ্যুতির অবসানের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশের ওপর বাড়ছে চাপ

প্রধানমন্ত্রী বলেন, কয়েক দশক ধরে রোহিঙ্গারা মিয়ানমারে বৈষম্য, নিপীড়ন ও বঞ্চনার শিকার হয়ে আসছে। ১৯৭৮ সাল থেকে বিভিন্ন সময়ে বাংলাদেশে রোহিঙ্গাদের বড় বড় ঢল এসেছে। ২০১৭ সালে মিয়ানমারে সহিংসতার পর পরিস্থিতির আরও অবনতি ঘটে।

তারেক রহমান বলেন, নয় বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবিক দায়িত্ব পালন করছে। বর্তমানে বাংলাদেশে ১২ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে। একই সঙ্গে মিয়ানমারে সহিংসতা অব্যাহত থাকায় সেখান থেকে মানুষ এখনো পালিয়ে আসছে।

তিনি বলেন, বাংলাদেশের রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর হাজার হাজার শিশুর জন্ম হচ্ছে। এর ফলে দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতির সঙ্গে নতুন আরেকটি প্রজন্ম যুক্ত হচ্ছে। রোহিঙ্গা শিশুদের নিরাপদ ভবিষ্যৎ এবং তরুণদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথাও তুলে ধরেন তিনি।

মানবিকতার তাগিদে বাংলাদেশ সীমান্ত খুলে দিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিবিরগুলোতে তাঁদের খাদ্য ও স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। প্রায় ছয় হাজার শিক্ষাকেন্দ্রে মিয়ানমারের পাঠ্যক্রম অনুযায়ী রোহিঙ্গা শিশুদের শিক্ষা দেওয়া হচ্ছে। তরুণদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণও দেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে তাঁরা মিয়ানমারের রাখাইন রাজ্যে পুনঃএকীভূত হতে পারেন।

তবে শিবিরগুলো দীর্ঘমেয়াদে বসবাসের জন্য আদর্শ স্থান নয় বলে উল্লেখ করেন তিনি। দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতির কারণে বাংলাদেশের ওপর সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চাপ বাড়ছে। একই সঙ্গে কক্সবাজারের স্থানীয় আশ্রয়দাতা জনগোষ্ঠীও এর প্রভাব বহন করছে বলে জানান প্রধানমন্ত্রী।

মানবিক সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ

দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা ও হতাশা থেকে মানব পাচার, অভিবাসী পাচার, মাদক পাচারসহ বিভিন্ন আন্তসীমান্ত অপরাধের ঝুঁকি বাড়ছে বলে উল্লেখ করেন তারেক রহমান। কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে নৌপথে মালয়েশিয়ার উদ্দেশে পাড়ি দিচ্ছেন বলেও জানান তিনি। একটি দেশের অমীমাংসিত সংকট পুরো অঞ্চলের জন্য নিরাপত্তাজনিত চ্যালেঞ্জে পরিণত হতে পারে বলে সতর্ক করেন প্রধানমন্ত্রী।

রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার ঘাটতি নিয়েও উদ্বেগ জানান তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, ২০২৫ সালের যৌথ সাড়াদান পরিকল্পনায় (জেআরপি) ৯৩৪ মিলিয়ন মার্কিন ডলারের বেশি সহায়তা চাওয়া হলেও ২০২৬ সালের আবেদন কমিয়ে প্রায় ৭১০ মিলিয়ন ডলারে নামানো হয়েছে। এতে কেবল ন্যূনতম জীবনরক্ষাকারী প্রয়োজন মেটানো সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

‘এই প্রবণতা অব্যাহত থাকতে পারে না’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বাংলাদেশের পাশে দাঁড়ানো আন্তর্জাতিক অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে আগের যেকোনো সময়ের তুলনায় এখন বাংলাদেশের আরও বেশি আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন বলে উল্লেখ করেন।

রাখাইনে নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ নেই

রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রোহিঙ্গারা সেখানে এখনো জোরপূর্বক নিয়োগ, নির্বিচার আটক, চলাচলে বিধিনিষেধ, জোরপূর্বক শ্রম ও অন্যান্য ধরনের নিরাপত্তাহীনতা ও নির্যাতনের মুখে রয়েছে। ফলে সেখানে এখনো নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরি হয়নি বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, মানবিক সহায়তা রাজনৈতিক নিষ্ক্রিয়তার অজুহাত হতে পারে না। অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ একাই রোহিঙ্গাদের দায়িত্ব বহন করবে—এমন প্রত্যাশাও করা যায় না।

তিনি বলেন, বাংলাদেশ চায় না রোহিঙ্গারা চিরকাল বাস্তুচ্যুত অবস্থায় থাকুক। তাঁদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণভাবে নিজ ভূমিতে ফিরে যাওয়ার সুযোগ দিতে হবে এবং তাঁদের অধিকার সুরক্ষিত রাখতে হবে।

বৈঠকে গাম্বিয়ার ভাইস প্রেসিডেন্ট মোহাম্মেদ বি এস জ্যালো, জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপ, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালেহসহ বিভিন্ন দেশের প্রতিনিধি ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা বক্তব্য দেন। বৈঠকটি সঞ্চালনা করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান।

প্রধান খবর

এক্সপ্রেসওয়েতে যানবাহনের সংখ্যা গোপন করে রাজস্ব ফাঁকির অভিযোগ, দুদকের অভিযান

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহনের প্রকৃত সংখ্যা গোপন করে টোল আদায় ও রাজস্ব ফাঁকির অভিযোগে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানিতে অভিযান চালিয়েছে দুদক।

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন বা লঙ্ঘনের চেষ্টা করলে তদন্তের পর প্রার্থিতা বাতিল করতে পারবে নির্বাচন কমিশন। পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোট শুরু হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি।

বেকারত্ব সৃষ্টি করে এমন শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র‍্যাংকিং উন্নয়ন এবং শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

আসছে...