অল ক্রাইমস. টিভি ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১১ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম। বৃহস্পতিবার (১২ মার্চ) হাইকোর্ট বিভাগ-এর বিচারপতি মো. জাকির হোসেন-এর একক বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
এই আসনে বিজয়ী হয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচনের ফলাফল নিয়ে অনিয়মের অভিযোগ তুলে তিনি আদালতের কাছে ভোটের ফল পুনর্বিবেচনার আবেদন করেছেন। এর আগে বিভিন্ন আসনের ফলাফল চ্যালেঞ্জ করে ৩০টির বেশি আবেদন হাইকোর্টে জমা পড়েছে।
এসব আবেদনের প্রাথমিক শুনানি গ্রহণ করে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জামাদি সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, আবেদনগুলোর চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব নথি ও সামগ্রী সংরক্ষণ করতে হবে।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের অভিযোগে দায়ের করা আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। সেই ধারার আওতায় বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করছেন।



