জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ২১ মিনিটে তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটি ছিল তার প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণ। ২৪ সেপ্টেম্বর তিনি জাতিসংঘের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন।
ভাষণে তারেক রহমান বিশ্বশান্তি, বহুপাক্ষিকতা, রোহিঙ্গা সংকট, ফিলিস্তিন ইস্যু, জলবায়ু ন্যায়বিচার, বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও তরুণদের সম্ভাবনাসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।
বাংলাদেশ পুনর্গঠনে সরকারের Recovery, Restoration and Reconstruction (3-R) কৌশলের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
সফরকালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, জনস্বাস্থ্য ও উন্নয়ন সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
জাতিসংঘের বিভিন্ন উচ্চপর্যায়ের অনুষ্ঠানেও অংশ নেন প্রধানমন্ত্রী। এর মধ্যে জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, রোহিঙ্গা সংকট এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মসূচি ছিল।
প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও সফরকালে আটটি উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেন এবং চারটি অনুষ্ঠানে বক্তব্য দেন। এর মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স, ফার্স্ট স্পাউসেস’ ডায়ালগ এবং মাতৃ ও শিশু স্বাস্থ্য ও মিডওয়াইফারি বিষয়ক উচ্চপর্যায়ের অনুষ্ঠান ছিল।



