রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষকরা দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ। তারা দেশ গড়ার যোদ্ধা। কৃষকদের সম্মান জানাতে কৃষি খাতে নতুন উদ্ভাবন ও অসামান্য অবদানের জন্য কৃষি পুরস্কার চালুর উদ্যোগ নেওয়া হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ কৃষক সমিতির আট সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ খাত কৃষি। কৃষকের শ্রম, নতুন উচ্চফলনশীল জাত উদ্ভাবন, কৃষি প্রযুক্তির ব্যবহার ও আধুনিক পদ্ধতির কারণে ফসল উৎপাদন বেড়েছে।
কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কৃষিপণ্য ও শস্য সহজে ভোক্তার কাছে পৌঁছাতে কার্যকর বিপণন ব্যবস্থা গড়ে তুলতে হবে। একই সঙ্গে কৃষকদেরও এ বিষয়ে আরও সচেতন ও সক্রিয় হতে হবে।
রাষ্ট্রপতি জানান, কৃষিপণ্যের ন্যায্যমূল্য ও কৃষকদের উন্নয়নে সরকার একটি নতুন স্কিম চালু করেছে এবং এতে ইতোমধ্যে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সহজ শর্তে কম সুদে কৃষিঋণের ব্যবস্থা এবং কৃষকদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, দেশে উৎপাদিত ফলমূল ও কৃষিজাত পণ্যের বিদেশে চাহিদা রয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি ও প্রক্রিয়াজাত পণ্য রপ্তানিতে উদ্যোগী হওয়ার প্রয়োজন রয়েছে।
এ ছাড়া কৃষি প্রক্রিয়াজাত শিল্প-কারখানা ও আধুনিক হিমাগার স্থাপনের পাশাপাশি খামারে আধুনিক সোলার প্যানেল ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।
কৃষকদের ঋণের বোঝা কমানোর প্রসঙ্গে তিনি কৃষিঋণের সুদ, বিশেষ করে এনজিও থেকে নেওয়া ঋণের সুদ কমানোর বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।



