রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এক সংসদ সদস্যসহ দলীয় কিছু নেতাকর্মীর নাম শোনা যাচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্রটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আমিনুল হক বলেন, রাজনৈতিক একটি মহল নিজেদের স্বার্থে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।
তিনি বলেন, এ ঘটনায় দলীয় কিছু নেতাকর্মী ও একজন সংসদ সদস্যের নাম শোনা যাচ্ছে। তারা যদি ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি সংস্কার করে দ্রুত স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করা হবে।
এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ২৫০ জনের বেশি লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে এবং স্থাপনার বিভিন্ন অংশ ভাঙচুর করে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রতিষ্ঠানটি দাবি করেছে।
এ ঘটনায় শাহ আলী থানায় মামলা হয়েছে। মামলায় মো. হানিফ মিয়াসহ অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



