আগামী জানুয়ারির সংসদ অধিবেশনে সংবিধান সংশোধনের বিল আনা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, সংশোধনী পাস হওয়ার পর রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোট আয়োজন করা হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিক সংগঠনের নেতাদের সঙ্গে সংবিধান সংশোধন বিষয়ে মতবিনিময় করে বিশেষ কমিটি। সেখানেই এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলকে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিভেদ নয়, জাতীয় ঐকমত্যের ভিত্তিতেই সংবিধান সংশোধনের কাজ এগিয়ে নেওয়ার কথা জানান তিনি।
তিনি আরও বলেন, সংবিধানে মৌলিক পরিবর্তন আনা হলে গণভোটের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। বিশেষ কমিটির পক্ষ থেকেও মৌলিক সংশোধন হলে তা গণভোটের মাধ্যমে চূড়ান্ত করার কথা জানানো হয়েছে।



