দেশে অস্থিতিশীলতা সৃষ্টিতে নানা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময়সভায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
সরদার সাখাওয়াত হোসেন বলেন, ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। দেশের উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
নিজেকে একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এবং পতিত স্বৈরাচারের বিরুদ্ধে দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যেতে হবে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দল যাকে যোগ্য মনে করবে, তাকেই মনোনয়ন দেওয়া হবে। সর্বস্তরের নেতাকর্মীদের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। এ নিয়ে দলের মধ্যে কোনো ধরনের বিভেদ করা যাবে না।
তিনি আরও বলেন, যারা দলের মধ্যে বিভেদ বা ষড়যন্ত্র করবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময়সভায় মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খান সভাপতিত্ব করেন। এতে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ্ কবির, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মাঈনুল ইসলাম খানসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।



