রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল পরিকল্পনাকারী শাহরিয়ারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, দুপুরের পর রাজধানীর বেইলি রোড এলাকা থেকে হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ারকে গ্রেপ্তার করা হয়। তিনি নিউগিনি প্রপার্টিজের পক্ষ থেকে করা মামলার এক নম্বর আসামি।
গ্রেপ্তার অন্যরা হলেন শাহ আলম অনিক, ভাষানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না। এর মধ্যে শাহ আলম অনিক ভাষানটেক থানা যুবলীগের সহসভাপতি বলে জানা গেছে। তাকে রোববার ক্যান্টনমেন্ট এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে।
এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় রাতেই ঘটনাস্থল থেকে ছোরাসহ দুজনকে আটক করা হয়।
ক্যান্টনমেন্ট থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, স্টুডিওর জমির মালিক নিউগিনি প্রপার্টিজ লিমিটেড এবং এলাকার অন্য জমির মালিকদের মধ্যে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে।
হামলার পর রাত পৌনে ২টার দিকে ব্রাউনফিশ স্টুডিওর ফেসবুক পেজ থেকে লাইভে এসে সালমান মুক্তাদির জানান, তার স্টুডিওতে হামলা ও ব্যাপক ভাঙচুর করা হয়েছে। তিনি হামলাকারীদের উদ্দেশ্য নিয়েও অভিযোগ করেন।
এদিকে রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, প্রায় ৩৫ কাঠা জমি নিয়ে দুই পক্ষের বিরোধ রয়েছে। এক পক্ষ নিউগিনি প্রপার্টিজ এবং অন্য পক্ষ একজন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। প্রাথমিক তথ্য অনুযায়ী, অবসরপ্রাপ্ত কর্মকর্তার পক্ষের লোকজন জমিটি দখলের চেষ্টা করেছে বলে জানান তিনি।
এ ঘটনায় নিউগিনি প্রপার্টিজের পক্ষ থেকে ক্যান্টনমেন্ট থানায় মামলা করা হয়েছে।



