স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমাজের সব স্তরের মানুষ যেন সাইবার অপরাধ ও হয়রানি থেকে সুরক্ষা পান, এমন একটি সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করতে চায় সরকার।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীতে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশোধনী প্রস্তাব নিয়ে অংশীজনদের সঙ্গে আয়োজিত আলোচনায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সবার মতামত ও আলোচনার মাধ্যমে প্রস্তাবিত আইনটি আরও সমৃদ্ধ হবে। গণমাধ্যমকে লক্ষ্য করে এই আইন করা হচ্ছে না এবং কোনো সাংবাদিক যাতে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেটিও নিশ্চিত করতে চায় সরকার।
তিনি জানান, সংবাদপত্র, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার কোনো সাংবাদিকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আগে আদালতের অনুমতি নেওয়ার একটি প্রস্তাব করা হয়েছে।
আপিল নিষ্পত্তির ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সীমা রাখার কথা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এতে কোনো ব্যক্তি যেন অনির্দিষ্টকাল আইনি প্রক্রিয়ায় আটকে না থাকেন, তা নিশ্চিত করা যাবে।
সাইবার সুরক্ষা আইন সংশোধনে আরও মতামত নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, এসব পরামর্শ সমন্বয়ের জন্য পিআইইউকে ফোকাল পয়েন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। আইটি মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয় এ কার্যক্রম সমন্বয় করবে।
এ প্রক্রিয়ায় সংবাদপত্রের সম্পাদক পরিষদ, ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের যুক্ত করা হবে। সাইবার বিশেষজ্ঞদের একটি প্যানেল গঠন করবে আইটি মন্ত্রণালয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, সাত থেকে ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্টদের সুপারিশ পাওয়া যাবে। এরপর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। কেবিনেটে পাঠানোর আগে প্রস্তাবটি ওয়েবসাইটে প্রকাশ করা হবে, যাতে সাধারণ মানুষ মতামত দিতে পারেন।
তিনি বলেন, প্রস্তাবটি গ্রহণযোগ্য হলে তা অন্তর্ভুক্ত করা হবে। এরপর বিধি অনুযায়ী আন্তমন্ত্রণালয় সভার মাধ্যমে বিলটি কেবিনেটে উপস্থাপন করা হবে। কেবিনেট অনুমোদন করলে বিল আকারে তা সংসদে যাবে।
সংসদে বিলটি নিয়ে সরকারি ও বিরোধী দলের সদস্যদের আলোচনা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি সংসদের বাইরেও সেমিনার ও সিম্পোজিয়ামের মাধ্যমে মতামত নেওয়ার কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব মতামত ও আলোচনার ভিত্তিতে এমন একটি আইন করা হবে, যার মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে। বিশেষ করে তরুণ সমাজকে সুরক্ষা দেওয়ার বিষয়টি গুরুত্ব পাবে।



