পরীক্ষামূলক সংস্করণ

বিশেষায়িত ওষুধে বাংলাদেশকে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত বিশেষায়িত কিছু ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানে শূন্য শতাংশ অ্যাড ভ্যালোরেম শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। বাংলাদেশসহ মোট ২০টি দেশ ও অঞ্চল এই শুল্ক ছাড়ের সুবিধা পাবে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় এ-সংক্রান্ত দেশগুলোর তালিকা ফেডারেল রেজিস্টারে প্রকাশ করেছে। এর আগে নির্দিষ্ট কিছু পেটেন্টযুক্ত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদান আমদানিতে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল ওয়াশিংটন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট কিছু ওষুধ ও সংশ্লিষ্ট উপাদান বাংলাদেশসহ তালিকাভুক্ত দেশগুলো থেকে আমদানি করলে শূন্য শতাংশ শুল্ক প্রযোজ্য হবে।

শুল্ক ছাড়ের আওতায় থাকা পণ্যের মধ্যে রয়েছে বিরল রোগের চিকিৎসার ওষুধ, বন্ধ্যত্বের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, কোষভিত্তিক চিকিৎসা, জিন থেরাপি, অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেটস (এডিসি) এবং পশু চিকিৎসার ওষুধ। এসব ওষুধ তৈরিতে ব্যবহৃত সংশ্লিষ্ট উপাদানও এই সুবিধার আওতায় থাকবে।

বাংলাদেশের পাশাপাশি শূন্য শুল্কের তালিকায় রয়েছে ভারত, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, ইউরোপীয় ইউনিয়ন, গুয়াতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, উত্তর মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, লিশটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও ভিয়েতনাম।

মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের নোটিশ অনুযায়ী, তালিকাভুক্ত দেশ ও অঞ্চল থেকে আমদানি করা যোগ্য পণ্য শূন্য শতাংশ শুল্ক সুবিধা পাবে। এসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান বা আসন্ন বাণিজ্য ও নিরাপত্তা কাঠামোসংক্রান্ত চুক্তি রয়েছে।

এর আগে গত ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেটেন্টযুক্ত ওষুধ, বায়োলজিক্যাল পণ্য ও সংশ্লিষ্ট উপাদানের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রে ওষুধ উৎপাদন বাড়ানোই ছিল ওই সিদ্ধান্তের অন্যতম লক্ষ্য।

তবে জেনেরিক ওষুধ ও এর সংশ্লিষ্ট উপাদান এই শুল্কের আওতায় পড়বে না বলে জানিয়েছে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়।

নতুন সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ রপ্তানিতে অতিরিক্ত শুল্কের চাপ থাকছে না।

প্রধান খবর

এক্সপ্রেসওয়েতে যানবাহনের সংখ্যা গোপন করে রাজস্ব ফাঁকির অভিযোগ, দুদকের অভিযান

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহনের প্রকৃত সংখ্যা গোপন করে টোল আদায় ও রাজস্ব ফাঁকির অভিযোগে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানিতে অভিযান চালিয়েছে দুদক।

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন বা লঙ্ঘনের চেষ্টা করলে তদন্তের পর প্রার্থিতা বাতিল করতে পারবে নির্বাচন কমিশন। পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোট শুরু হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি।

বেকারত্ব সৃষ্টি করে এমন শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র‍্যাংকিং উন্নয়ন এবং শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

আসছে...