প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কিছু বিদ্যমান চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, আলোচনার মাধ্যমে এসব চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে এবং সফরের সম্ভাবনা নিয়ে সরকার ইতিবাচক।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের সাবেক মন্ত্রী দিনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ইতিবাচক আলোচনা চলছে। সফর নিয়ে বিভিন্ন ধরনের গুঞ্জন থাকলেও সরকার বাস্তবতার নিরিখে বিষয়টি নিয়ে কাজ করছে।
তিনি বলেন, কোনো এক পর্যায়ে সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি হলে তারিখ নির্ধারণ করা হবে। এ বিষয়ে সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, দুই দেশের মধ্যে কিছু বিদ্যমান চ্যালেঞ্জ রয়েছে। পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে অনুকূল পরিবেশ তৈরি হলে আলোচনার মাধ্যমে প্রধানমন্ত্রীর ভারত সফরের তারিখ নির্ধারণ করা হবে।
নতুন দায়িত্ব পাওয়ার পর ভারতের হাইকমিশনারের সঙ্গে এটি তার প্রথম সৌজন্য সাক্ষাৎ উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, বৈঠকে অত্যন্ত ভালো, আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।



