রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সাথে সংঘর্ষ, অগ্নিসংযোগ, ভাঙচুর ও সাংবাদিকসহ পুলিশ সদস্যরা আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় ফুটপাতের অবৈধ দখলমুক্ত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করতে গেলে এ ঘটনার সূত্রপাত হয়।
অভিযানের এক পর্যায়ে ক্ষুব্ধ হকাররা সংগঠিত হয়ে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ও সিটি করপোরেশনের প্রতিনিধিদের ওপর হামলা চালায়। হকারদের সাথে পুলিশ ও কর্মকর্তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
উচ্ছেদের সময় হকারদের দেওয়া আগুনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩টি ময়লার গাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়। একই সাথে হকাররা করপোরেশনের ১টি ভেকু (উচ্ছেদ যন্ত্র) এবং পুলিশের ১টি গাড়ি ভাঙচুর করে।
প্রত্যক্ষদর্শীদের মতে, মূল সড়ক ও ফুটপাতে হকারদের আকস্মিক হামলা এবং তাণ্ডবে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অতর্কিত এই হামলায় দায়িত্ব পালনরত একাধিক পুলিশ সদস্য এবং সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিকরা শারীরিক আঘাত পেয়ে আহত হন।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পোড়ে যাওয়া সিটি করপোরেশনের গাড়িগুলোর আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
দুপুর ১২টার দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও সংঘর্ষে জড়ানো হকাররা মিরপুর আইডিয়াল কলেজের সামনে সংঘবদ্ধ অবস্থান নেয়। অন্যদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় শক্ত অবস্থান গ্রহণ করে।
পুরো ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, “সকালে মিরপুর ১০-এ ফুটপাতে দোকানপাট উচ্ছেদ করতে যায় উত্তর সিটি করপোরেশন। সঙ্গে পুলিশও ছিল। এক পর্যায়ে হকাররা ক্ষুব্ধ হয়ে সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ভেকু ও পুলিশের গাড়ি ভাঙচুর করে।”



