অল ক্রাইমস. টিভি ডেস্ক
মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালার একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (১৩ মার্চ) রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
জানা যায়, শিবচর উপজেলার বাহাদুরপুর মাঠে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তিনি বলেন, তিনি শিবচরের মানুষের শান্তি চান এবং সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে চান। তার চুপ করে থাকা দুর্বলতা নয় বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, তার জায়গায় অন্য কেউ থাকলে অনেককে বাড়ি থেকে বের হতেও দিত না, কিন্তু তিনি শিবচরের মানুষকে বাকস্বাধীনতা দিয়েছেন।
এদিকে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মনে করেন, একজন সংসদ সদস্যের এমন বক্তব্য দেওয়া ঠিক হয়নি।
শিবচর উপজেলা বিএনপির সদস্যসচিব সোহেল রানা বলেন, শিবচরের শান্তিপূর্ণ পরিবেশকে উত্তপ্ত করার উদ্দেশ্য থেকেই এ ধরনের মন্তব্য করা হয়েছে।
তবে সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, তার বক্তব্যের অংশ কেটে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। তিনি দাবি করেন, তিনি শিবচরে কোনো ধরনের অন্যায় রাজনীতি হতে দেবেন না এবং মানুষের শান্তি বজায় রাখতে কাজ করে যাবেন।



